এম. এস. রহমান | রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ | প্রিন্ট
বাংলাদেশের হিসাববিজ্ঞান পেশার এক অভিভাবক, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম এ হালিম গজনভী এফসিএ (৮৭) অনন্তলোকে পাড়ি জমিয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৭টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৩৮ সালে ভোলা জেলার লালমোহন উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রস্থানে পুরো হিসাববিজ্ঞান অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পেশাগত জীবনের এক অনন্য অধ্যায়:
জনাব গজনভী তাঁর পেশাগত জীবনে কেবল একজন দক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টই ছিলেন না, বরং ছিলেন এক দূরদর্শী নেতা যিনি সততা ও মেধার মাধ্যমে দেশের আর্থিক পেশাকে নতুন দিশা দেখিয়েছেন। ১৯৭৩ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জনের পর থেকে তিনি কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ নৈতিকতা ও দক্ষতার মান বজায় রেখেছিলেন। তাঁর নেতৃত্বে আইসিএবি পেয়েছে নতুন মাত্রা; তিনি ১৯৯৩ সালে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এবং এর আগে তিনবার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পিকেএফ এএইচকেসি-এর চেয়ারম্যান ও ম্যানেজিং পার্টনার হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্ম পেশাজীবীদেরকে নেতৃত্ব দিয়ে তাঁদের মধ্যে সততা, নির্ভুলতা এবং দূরদর্শী নেতৃত্বের বীজ বুনে দিয়েছেন। অডিটিং ও কর ব্যবস্থাপনা থেকে শুরু করে ম্যানেজমেন্ট কনসাল্টিং, পুঁজিবাজার উপদেষ্টা সেবা এবং সম্ভাব্যতা যাচাই পর্যন্ত বিস্তৃত ছিল তাঁর দক্ষতার ক্ষেত্র। তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ)-এর একজন সম্মানিত সদস্যও ছিলেন, যার সদস্য আইডি-এম-০০০৩৯১।
পারিবারিক ভালোবাসার অশ্রুভেজা বিসর্জন:
জনাব গজনভী ছিলেন এক ভালোবাসার স্তম্ভ। তাঁর পরিবারের কাছে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক; সহকর্মীদের কাছে ছিলেন এক পথনির্দেশক নক্ষত্র। তিনি দুই কন্যার জনক ছিলেন। তাঁর জ্যেষ্ঠ কন্যা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নাইমা মেহেরিন এফসিএ (লাবনী), ২০২১ সালে কোভিড-১৯ মহামারিতে পৃথিবী থেকে বিদায় নেন। কনিষ্ঠ কন্যা, প্রকৌশলী লুবনা মেহেরিন, যিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে বসবাস করেন, তিনি শনিবার ভোর ৪টায় ঢাকায় পৌঁছান। তবে দুর্ভাগ্য, তাঁর প্রিয় বাবাকে জীবিত দেখার সৌভাগ্য হয়নি। বাবা-মেয়ের এই চিরন্তন বিচ্ছেদের দৃশ্য উপস্থিত সকলকে গভীরভাবে ব্যথিত করে।
চিরনিদ্রায় শায়িত হলেন অভিভাবক
শনিবার সকাল ৮টা ১০ মিনিটে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গাজীপুরের হোতাপাড়ার শামছাবাদ গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তার ভগ্নিপতি, গুলশান আজাদ মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব, মুফতি মাওলানা মরহুম মুহাম্মদ সামসুল হক প্রতিষ্ঠিত মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গনের পারিবারিক কবরস্থানে ভালোবাসার অশ্রুতে সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন হিসাববিজ্ঞানের এই দিকপাল।
তার মৃত্যুতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। শোক প্রকাশ করেছেন পিকেএফ এএইচকেসি পরিবারের পক্ষ থেকে পার্টনার এম. মোশাররফ হোসেন, এফসিএ, পিএইচডি, সিআইএসএ। কনসালট্যান্ট এম. শরীফুর রহমান ভূঁইয়া এবং নির্বাহী পরিচালক কারদার রহমান লিটু। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন প্রতিদিনের অর্থনীতি অনলাইন নিউজ পোর্টাল পরিবার এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ)-এর সাধারণ সম্পাদক আবু নাছের মজুমদার (মেজবাহ) সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার আত্মা পরপারে চিরশান্তি লাভ করুক।
Posted ৩:৫৮ পিএম | রবিবার, ০৩ অগাস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity