আইএফআইসির বন্ড জালিয়াতি: সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা

  |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

আইএফআইসির বন্ড জালিয়াতি: সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা
Share

বন্ড জালিয়াতির ঘটনায় আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘আইএফআইসি গ্যারান্টেড শেরপুর টাউশিপ গ্রিন জিরো কুপন বন্ড’-এর ইস্যু প্রক্রিয়ায় সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএসইসির ৯৮০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১,৫০০ কোটি টাকার অভিহিত মূল্য ও ১,০০০ কোটি টাকার ইস্যু মূল্যের ওই বন্ডে আইএফআইসি ব্যাংককে জামিনদার (গ্যারান্টর) হিসেবে দেখানো হয়েছিল। তবে বাস্তবে এটি ব্যাংকটির ইস্যুকৃত বন্ড নয়; বরং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান শেরপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল)-এর ইস্যু করা বন্ড।

কিন্তু বিভিন্ন প্রচারণা ও বিজ্ঞাপনে এই বন্ডকে ‘আইএফআইসি আমার বন্ড’ নামে উপস্থাপন করা হয়, যা বিনিয়োগকারীদের মনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং তারা মনে করেন বন্ডটি আইএফআইসি ব্যাংক নিজেই ইস্যু করেছে। এই বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারণা করা হয়েছে বলে বিএসইসি মনে করে।

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে এমন বিভ্রান্তিকর প্রচারণায় সংশ্লিষ্ট থাকায় সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়।

এর আগে, গত ৩০ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৯৬৫তম সভায় এই বন্ড কেলেঙ্কারির ঘটনায় আইএফআইসির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা ও পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ করা হয়। একইসঙ্গে তৎকালীন ভাইস চেয়ারম্যান সালমান রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকেও ৫০ কোটি টাকা জরিমানা ও বাজার থেকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সর্বশেষ সিদ্ধান্তে সাবেক এমডি শাহ আলম সারওয়ারকেও জরিমানার আওতায় আনা হলো, যা আইএফআইসি বন্ড জালিয়াতির ঘটনায় বিএসইসির কঠোর অবস্থানের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৪৩ পিএম | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com