| মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
নভেম্বরের প্রথম ১০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১.১০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ডলারেরও বেশি বৈদেশিক আয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮২ কোটি ডলার।
তিনি আরও জানান, শুধু ১০ নভেম্বর একদিনেই দেশে এসেছে ১৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আর আগস্ট ও জুলাইয়ে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।
Posted ১০:০৩ পিএম | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity