ব্যাংকিং খাতে আমানত সুরক্ষায় নতুন অধ্যাদেশ জারি

  |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

ব্যাংকিং খাতে আমানত সুরক্ষায় নতুন অধ্যাদেশ জারি
Share

দেশের ব্যাংকিং খাতে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত ও জনআস্থা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। পুরোনো আইন বিলুপ্ত করে নতুন কাঠামো কার্যকর করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলে প্রণীত এই নতুন অধ্যাদেশের মাধ্যমে ‘ব্যাংক আমানত বীমা আইন, ২০০০’ বাতিল করে নতুন কাঠামো কার্যকর করা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে রাখা আমানত নির্ধারিত সীমার মধ্যে সুরক্ষিত থাকবে এবং প্রয়োজনে তা ফেরত নিশ্চিত করা হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় পৃথক ‘আমানত সুরক্ষা বিভাগ’ গঠন করা হবে। বিভাগটি প্রিমিয়াম সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা, সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, সুরক্ষিত আমানত পরিশোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবে।

অধ্যাদেশে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুটি পৃথক আমানত সুরক্ষা তহবিল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রিমিয়াম, জরিমানা, বিনিয়োগ আয় এবং অন্যান্য অনুমোদিত উৎস থেকে এই তহবিল পরিচালিত হবে। তহবিলের প্রশাসনিক দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ পালন করবে, যারা ট্রাস্টি বোর্ড হিসেবে কাজ করবে।

নতুন লাইসেন্স পাওয়া ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোকে নির্ধারিত হারে প্রারম্ভিক প্রিমিয়াম জমা দিতে হবে। সব ব্যাংক কোম্পানি স্বয়ংক্রিয়ভাবে সদস্য হলেও ফাইন্যান্স কোম্পানিগুলোর সদস্যপদ কার্যকর হবে ২০২৮ সালের ১ জুলাই থেকে। ঝুঁকিভিত্তিক প্রিমিয়াম ত্রৈমাসিকভিত্তিক আদায়ের বিধানও রাখা হয়েছে।

তবে সরকারি, বিদেশি ও আন্তর্জাতিক সংস্থার কিছু বিশেষ শ্রেণির আমানত সুরক্ষার আওতার বাইরে থাকবে। সাধারণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমানত নির্ধারিত সীমার মধ্যে সুরক্ষা পাবে।

কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি অবসায়ন বা রেজুলেশনের মুখে পড়লে আমানত সুরক্ষা বিভাগ সরাসরি সুরক্ষিত অর্থ পরিশোধ করবে। প্রয়োজনে রেজুলেশন কর্তৃপক্ষের মাধ্যমে ব্রিজ ব্যাংক গঠন বা তৃতীয় পক্ষের কাছে সম্পদ হস্তান্তরের সিদ্ধান্তও কার্যকর করা যাবে।

এ ছাড়া আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে দেশি-বিদেশি নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক সই, তথ্য বিনিময় ও কারিগরি সহায়তা নেওয়ার ক্ষমতাও বাংলাদেশ ব্যাংককে প্রদান করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৫৩ এএম | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com