শিরোনাম >>
শিরোনাম >>

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক: ইসি

  |   রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক: ইসি
Share

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে। একই সঙ্গে প্রচলিত আইন অনুযায়ী নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এমন কড়া সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, পোস্টাল ব্যালটে ভোট প্রদানসংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এনআইডি ব্লকসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ব্যালট বা ভোট প্রদানের কোনো দৃশ্য প্রকাশ করলে ভোটের গোপনতা ক্ষুণ্ন হয়, যা বিদ্যমান আইনের স্পষ্ট লঙ্ঘন। এ কারণে পোস্টাল ভোটসংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা পোস্ট শেয়ার না করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।

ইসির কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রবাসী ভোটার, কয়েদি এবং সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকযোগে ভোট দেওয়ার কারণে এসব ভোটার সাধারণ ভোটারদের তুলনায় কয়েক সপ্তাহ আগেই ভোট প্রদান করেন। ভোটের গোপনীয়তা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতেই কমিশন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।

এদিকে এনআইডি ব্লক হলে নাগরিকরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা থেকে বঞ্চিত হতে পারেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ও বিদেশে অবস্থানরত প্রায় ১৩ লাখ ভোটার ইতোমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:২৪ পিএম | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com