| মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
মোবাইল ফোনের এনইআইআর সেবা গ্রহণের ক্ষেত্রে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সেবা গ্রহণের জন্য কেবলমাত্র নির্ধারিত ও অনুমোদিত ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনইআইআর সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে।
বিটিআরসি আরও জানিয়েছে, কোনো অননুমোদিত ওয়েবসাইট, লিংক বা তৃতীয় পক্ষের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর লিংকের মাধ্যমে এনইআইআর সেবা নিতে গিয়ে কোনো ধরনের ফি বা অর্থ প্রদান না করার জন্যও সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, এনইআইআর–সংক্রান্ত সব সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। তাই প্রতারণা বা অপব্যবহার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কেবলমাত্র সরকারি অনুমোদিত ওয়েবসাইট ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেছে বিটিআরসি।
Posted ৪:৪১ পিএম | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity