পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা তুলবে তিন বে মেয়াদি মিউচুয়াল ফান্ড

  |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা তুলবে তিন বে মেয়াদি মিউচুয়াল ফান্ড
Share

পুঁজিবাজার থেকে মোট ৭৫ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে তিনটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিটি ফান্ড ইস্যুর মাধ্যমে পৃথকভাবে ২৫ কোটি টাকা করে সংগ্রহ করা হবে।

অনুমোদন পাওয়া ফান্ড তিনটি হলো মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৯২তম সভায় ফান্ড তিনটির খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড—এই দুই ফান্ডের মোট আকার ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২ কোটি ৫০ লাখ টাকা করে মোট ৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

ফান্ড দুটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টিডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি দায়িত্ব পালন করবে।

এদিকে সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের আকার ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

এই ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টিডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি কাজ করবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:১৫ পিএম | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com