| মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংক খাতের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। রোজার মাসে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে জানানো হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে বিরতির সময় বিকল্প ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখতে হবে।
বর্তমানে সাধারণ সময়ে ব্যাংক লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস কার্যক্রম চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও রমজান মাসে গ্রাহক ও ব্যাংকারদের সুবিধার্থে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে।
Posted ৪:৫০ পিএম | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity