| মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
নন-লাইফ বীমা খাতে ঘোষিত ‘শূন্য কমিশন নীতি’ কঠোরভাবে বাস্তবায়নে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। সংগঠনটি সদস্য কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে সব ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিআইএ’র সেক্রেটারি মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়, যা পাঠানো হয়েছে সব নন-লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহীদের কাছে।
নিয়ন্ত্রক সংস্থার সম্প্রতি জারিকৃত সার্কুলারে নন-লাইফ বীমা কোম্পানির আওতাধীন সকল এজেন্টের লাইসেন্স স্থগিত করেছে। সিদ্ধান্তটি ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। ফলে ওই তারিখ থেকে কোনো বৈধ এজেন্ট লাইসেন্স কার্যকর নেই এবং কমিশন প্রদানের সুযোগও বন্ধ হয়েছে।
এই প্রেক্ষাপটে ‘জিরো কমিশন পলিসি’ বাস্তবায়নে মাঠপর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতেই ব্রাঞ্চ ম্যানেজারদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়ার নির্দেশ দিয়েছে বিআইএ।
বিআইএ নির্ধারিত অঙ্গীকারনামায় ব্রাঞ্চ ম্যানেজারদের যেসব বিষয়ে সম্মত থাকতে হবে-
কোম্পানির নীতিমালা, বীমা আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ
‘জিরো কমিশন পলিসি’ কঠোরভাবে বাস্তবায়ন
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কমিশন, আর্থিক সুবিধা বা প্রণোদনা গ্রহণ বা প্রদান না করা
সকল প্রিমিয়াম নির্ধারিত প্রক্রিয়ায় কোম্পানির হিসাবে জমা নিশ্চিত করা
অবৈধ লেনদেন ও অনিয়ম থেকে বিরত থাকা
বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোম্পানি ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থা মেনে নেওয়া
অঙ্গীকারনামা গ্রহণ শেষে তা অ্যাসোসিয়েশনকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
Posted ১০:২৫ পিএম | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity