| বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আবারও সুখবর দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানো হয়েছে। ফলে আগামী ৩১ মার্চ পর্যন্ত ই-রিটার্ন জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব মো. একরামুল হক সই করা এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের তথ্য জানা গেছে।
এর আগে তৃতীয় দফায় সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। দ্বিতীয় দফায় সময়সীমা ছিল ৩১ জানুয়ারি এবং প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। যদিও আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের নির্ধারিত শেষ দিন।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে এনবিআর সব করদাতার জন্য ই-রিটার্ন জমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়।
কর প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন ব্যবস্থায় ধীরে ধীরে করদাতাদের অংশগ্রহণ বাড়ছে। তবে প্রযুক্তিগত জটিলতা ও শেষ সময়ের চাপ বিবেচনায় নিয়েই সময়সীমা আবারও বাড়ানো হয়েছে।
করদাতাদের সুবিধার্থে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে এনবিআর।
Posted ৬:৪৫ পিএম | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity