শিরোনাম >>
শিরোনাম >>

ফারইস্টের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট

ফারইস্টের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
Share

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত ‘ফারইস্ট টাওয়ার-২’ ভবনের কাজকে কেন্দ্র করে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, কোনো প্রকৃত কাজ সম্পন্ন না করেই ভুয়া কার্যাদেশ ও বিল-ভাউচার তৈরি করে প্রায় ১৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি দুদকের জনসংযোগ শাখা নিশ্চিত করেছে।

এই মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–এর সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. হেমায়েত উল্যাহসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন-সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ, বিনিয়োগ ও রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আমীর মোহাম্মদ ইব্রাহীম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুর রাজ্জাক এবং সাবেক হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স মো. কামাল হোসেন হাওলাদার।

এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ফারইস্ট টাওয়ার-২ ভবনের সিভিল ও ইলেকট্রো-মেকানিক্যাল কাজের নামে ভুয়া কার্যাদেশ ইস্যু করেন। পরে কাজের অগ্রিম বিল দেখিয়ে ভুয়া ভাউচার তৈরি করে ১৬টি চেকের মাধ্যমে পুরো অর্থ উত্তোলন করা হয়। উত্তোলিত অর্থের একটি অংশ নগদে গ্রহণ এবং বাকি অংশ বিভিন্ন হিসাবে স্থানান্তরের মাধ্যমে পরিকল্পিতভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:১৭ পিএম | বুধবার, ০৪ মার্চ ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com