| রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই পুরস্কার প্রদান করা হয়।
রোববার (৮ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়।
নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। তার পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন- অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন। সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর। নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।
নিজ নিজ ক্ষেত্রে দৃঢ় মনোবল, সংগ্রাম এবং অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর এ ধরনের সম্মাননা প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরা এবং নারী ক্ষমতায়নে উৎসাহ দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
Posted ১:০৫ পিএম | রবিবার, ০৮ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity