| শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট
মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে সম্মানি তুলে দিয়ে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
কর্মসূচির আওতায় মসজিদের জন্য প্রতি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা।
অন্যদিকে মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার জন্য প্রতি প্রতিষ্ঠানে ৮ হাজার টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। মন্দিরে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা। বৌদ্ধবিহারে বিহার অধ্যক্ষের জন্য ৫ হাজার টাকা ও উপাধ্যক্ষের জন্য ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গির্জার ক্ষেত্রে যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী যাজক ৩ হাজার টাকা।
প্রথম ধাপে ঈদের আগে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যায়ে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে মোট ৪ হাজার ৯০৮টি মসজিদ নির্বাচন করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলা থেকে দুটি করে মোট ৯৯০টি মন্দির, ৭২টি উপজেলায় অবস্থিত বৌদ্ধবিহার থেকে দুটি করে মোট ১৪৪টি বিহার এবং ১৯৮টি উপজেলায় অবস্থিত গির্জা থেকে দুটি করে মোট ৩৯৬টি গির্জা এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
Posted ১২:৫৩ পিএম | শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity