প্রতিদিনের অর্থনীতি | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ | প্রিন্ট
ঈদের আগে স্বর্ণবাজারে বড় স্বস্তির খবর এসেছে। একদিনেই দুদফা দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), ফলে ভরিপ্রতি সর্বোচ্চ ১৫ হাজার টাকার বেশি কমেছে স্বর্ণের দাম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনের ব্যবধানে দুই ধাপে মোট ১৫ হাজার ৩৩৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়, যা সকালে ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা এবং তার আগের দিন ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। নতুন এই দর বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
দিনের শুরুতেই প্রথম ধাপে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়। পরবর্তীতে দ্বিতীয় দফায় আরও বড় সমন্বয় এনে বাজারে উল্লেখযোগ্য পতন দেখা যায়।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর দাম কমে যাওয়ার প্রভাবেই স্থানীয় বাজারে এই দর সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দরে-২১ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ২০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
শুধু স্বর্ণই নয়, কমানো হয়েছে রুপার দামও। নতুন দরে— ২২ ক্যারেট রুপা: ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৪৩২ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩২৪ টাকা
বিশ্লেষকরা বলছেন, চলতি মাসের শুরুতে বৈশ্বিক অস্থিরতা—বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনা—স্বর্ণের দাম বাড়িয়ে দিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে দর কমতে শুরু করায় এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে।
বিশ্ববাজারে স্বর্ণের দামের তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে প্রায় ৪ হাজার ৬৮০ ডলারে, যা আগের দিন ৫ হাজার ডলারের ওপরে ছিল।
উল্লেখ্য, জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে দর ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারেও স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। ২৯ জানুয়ারি এক দফায় ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ওঠে ২ লাখ ৮৬ হাজার টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
Posted ৪:৫২ পিএম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity