প্রতিদিনের অর্থনীতি | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
কার্যক্রমের ধারাবাহিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যভিত্তিক বিজনেস কনটিনিউটি ইনস্টিটিউটের (বিসিআই)-এর কর্পোরেট সদস্যপদ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এই স্বীকৃতিকে দেশের আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিআইয়ের সদস্যপদ অর্জনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম আরও আধুনিক ও শক্তিশালী করার পথ উন্মুক্ত হলো।
বাংলাদেশ ব্যাংক জানায়, প্রতিষ্ঠানটির বিদ্যমান বিজনেস কনটিনিউটি প্ল্যান (বিসিপি) ভার্সন ২.০ বাস্তবায়নে এই সদস্যপদ সহায়ক ভূমিকা রাখবে। এর ফলে যেকোনো সংকট বা জরুরি পরিস্থিতিতেও ব্যাংকের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সক্ষমতা বাড়বে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিসিআই মূলত ব্যবসার ধারাবাহিকতা রক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংকট মোকাবিলায় বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে। এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ায় বাংলাদেশ ব্যাংক এখন বৈশ্বিক জ্ঞানভান্ডার, আধুনিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ব্যবহারের সুযোগ পাবে।
এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার হবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই অর্জন দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল ও সক্ষম করে তুলতে সহায়ক হবে এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।
Posted ১২:০৭ পিএম | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity