প্রতিদিনের অর্থনীতি | রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
দেশের বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত দেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং এ সময় বিভিন্ন আইন সংস্কার কার্যক্রমে ভূমিকা রাখেন।
আইন পেশায় দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে সুপরিচিত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন শফিক আহমেদ। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুতে আইনাঙ্গনসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ৭:০০ পিএম | রবিবার, ১২ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity