প্রতিদিনের অর্থনীতি | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
ছেঁড়া, ফাটা বা ময়লাযুক্ত নোট গ্রহণ ও বদলে নতুন বা ব্যবহারযোগ্য নোট দেওয়ার ক্ষেত্রে আর কোনো গড়িমসি চলবে না—এমন কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দেশের সব তফসিলি ব্যাংককে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী তা বিনিময় করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ ধরনের নোট গ্রহণ ও পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করা ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক।
নির্দেশনায় বলা হয়, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের সব শাখায় নিয়মিতভাবে এই সেবা চালু রাখতে হবে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না, ফলে বাজারে ছেঁড়া ও ময়লাযুক্ত নোটের আধিক্য তৈরি হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট নিয়মিতভাবে গ্রহণ করে নির্ধারিত বিশেষ কাউন্টারের মাধ্যমে তা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়েছে। এসব নোটের পরিবর্তে গ্রাহকদের নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, কোনো ব্যাংক শাখা যদি এ ধরনের সেবা প্রদানে অনীহা বা গাফিলতি দেখায়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনাকে “অতীব গুরুত্বপূর্ণ” উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সব ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
Posted ৫:২৫ এএম | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity