প্রতিদিনের অর্থনীতি | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
নারীদের গৃহস্থালি কাজে স্বস্তি দিতে এলপিজি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রান্নার কাজে প্রতিদিনই মা-বোনদের যে কষ্ট করতে হয়, তা লাঘব করতেই সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, “গ্রাম হোক বা শহর—সব জায়গায় রান্নার কাজে নারীরা কষ্ট করেন। তাদের স্বাবলম্বী করতে আমরা আগে ফ্যামিলি কার্ড দিয়েছি। এবার এলপিজি কার্ড চালু করব, যাতে তারা সহজে জ্বালানি সুবিধা পেতে পারেন।”
একই অনুষ্ঠানে তিনি খাল পুনঃখনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, প্রায় পাঁচ দশক আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। বর্তমানে চার কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখনন করা হচ্ছে, যা শেষ হলে স্থানীয় কৃষি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সরকারের হিসাব অনুযায়ী, খালটি পুনঃখনন করা হলে প্রায় ২০ হাজার কৃষক উপকৃত হবেন এবং অতিরিক্ত প্রায় ১,৪০০ টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে। এছাড়া খালের পানির সুবিধা পাবে প্রায় ৭২ হাজার মানুষ। খালের দুই পাড়ে তিন হাজার গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের শিক্ষা ও উন্নয়নে পূর্ববর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় নারীদের উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেধাবী নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু বা বাড়ানোর কথাও জানান তিনি।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছান। পরে সরাসরি শার্শায় গিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। সফরসূচি অনুযায়ী, তিনি যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
Posted ২:০৯ পিএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity