প্রতিদিনের অর্থনীতি ডেস্ক | শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের ছুটি আগামী ২৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ২৪ মে অফিস খোলা থাকবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঈদ উপলক্ষে টানা এক সপ্তাহ ছুটি ভোগের সুযোগ পাবেন। এতে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে মানুষ স্বস্তিতে গ্রামের বাড়িতে যেতে পারবেন বলে মনে করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হবে। বিশেষ করে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ সামাল দিতে আগাম ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রগুলোতেও বাড়তি চাপ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকিং, বন্দর ও জরুরি সেবাখাতের কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রতিবছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মহাসড়ক, লঞ্চঘাট ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদারের পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
Posted ৬:০৯ এএম | শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity