লভ্যাংশ না দিয়ে বিপাকে ফরচুন সুজ, চেয়ারম্যান-এমডিসহ ৮ জনকে ৭ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট

লভ্যাংশ না দিয়ে বিপাকে ফরচুন সুজ, চেয়ারম্যান-এমডিসহ ৮ জনকে ৭ কোটি টাকা জরিমানা
Share

ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের পরিশোধে ব্যর্থতা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং ফি বকেয়া রাখার ঘটনায় পু‌জিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেড-এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির সংশ্লিষ্ট আট কর্মকর্তার বিরুদ্ধে মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিএসইসির ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বুধবার (১৩ মে) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।

বিএসইসি জানায়, ফরচুন সুজ ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল। তবে ঘোষিত ১৬ কোটি ২৫ লাখ টাকার নগদ লভ্যাংশের মধ্যে এখনো ৩ কোটি ৯৮ লাখ টাকা বিনিয়োগকারীদের পরিশোধ করা হয়নি।

একইসঙ্গে কোম্পানিটি ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত পূর্ববর্তী তিন বছরের ডিএসই লিস্টিং ফি বাবদ ১৮ লাখ ২৯ হাজার টাকাও পরিশোধ করেনি বলে জানিয়েছে কমিশন।

এ ঘটনায় বিএসইসি ফরচুন সুজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান-কে সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানা করেছে। এছাড়া পরিচালক মো. আমানুর রহমান, রবিউল ইসলাম, সাবেক পরিচালক মো. খসরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমান-কে ৫০ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জামিল আহমেদ চৌধুরী-কে ১০ লাখ টাকা, সাবেক কোম্পানি সেক্রেটারি রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং বর্তমান কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল হোসেন-কে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আদেশ জারির ৩০ দিনের মধ্যে কোম্পানিকে বিনিয়োগকারীদের বকেয়া ৩ কোটি ৯৮ লাখ টাকার নগদ লভ্যাংশ এবং ১৮ লাখ ২৯ হাজার টাকার লিস্টিং ফি পরিশোধ করতে হবে। পাশাপাশি জরিমানার অর্থ আগামী ৭ দিনের মধ্যে বিএসইসিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসি বলছে, বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করা এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়েই সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৫২ পিএম | বুধবার, ১৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com