বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্নের অভিযোগে তিন কোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা বিএসইসির

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট

বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্নের অভিযোগে তিন কোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা বিএসইসির
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বিরুদ্ধে নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থতা, বিভ্রান্তিকর আর্থিক তথ্য প্রকাশ এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর চেয়ারম্যান, পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থদণ্ড আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৯ মে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৪তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৃহস্পতিবার (২১ মে) কমিশনের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেও বিনিয়োগকারীদের পুরো অর্থ পরিশোধ করেনি। ঘোষিত লভ্যাংশের মধ্যে বড় একটি অংশ বকেয়া রাখায় কোম্পানিটিকে ৩০ দিনের মধ্যে অবণ্টিত নগদ লভ্যাংশ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় কোম্পানিটির চেয়ারম্যান শফিউল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে ৩০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকজন পরিচালক, তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সেক্রেটারিকেও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ টাকার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে প্রতিদিন অতিরিক্ত অর্থদণ্ড আরোপ করা হবে। পাশাপাশি জরিমানা পরিশোধ করলেও বিনিয়োগকারীদের বকেয়া লভ্যাংশ পরিশোধের দায় থেকে কোম্পানি অব্যাহতি পাবে না।

অন্যদিকে, জেনেক্স ইনফোসিস পিএলসি ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের দিতে ব্যর্থ হয়। বিষয়টিকে সিকিউরিটিজ আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করে কোম্পানিটির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, তৎকালীন সিএফও ও কোম্পানি সেক্রেটারিসহ আটজনের বিরুদ্ধে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।

এ ঘটনায় কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খানসহ সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকার অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

বিএসইসি বলেছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত এবং করপোরেট জবাবদিহিতা প্রতিষ্ঠায় কমিশন ভবিষ্যতেও আইন লঙ্ঘনের ঘটনায় কঠোর অবস্থান বজায় রাখবে।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:৩০ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com