নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২২ মে ২০২৬ | প্রিন্ট
সাধারণ বিনিয়োগকারীদের সচেতন করতে এবং নিরাপদ বিনিয়োগ বিষয়ে প্রচার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে দেশজুড়ে সমন্বিত কার্যক্রম পরিচালনার জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৯ মে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিএসইসি।
সিদ্ধান্ত অনুযায়ী, বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনের নির্বাহী পরিচালক বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া যুগ্ম পরিচালক মো. শরিফুল আলমকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবং সহকারী পরিচালক মো. শহিদুল ইসলামকে ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভাগুলোতে এখন থেকে নিয়মিতভাবে শেয়ারবাজার, বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ নিয়ে আলোচনা করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি প্রতারণামূলক বিনিয়োগ সম্পর্কে সতর্ক করা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।
এছাড়া জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে মনোনীত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের সুবিধায় প্রয়োজনে হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও সিনিয়র সহকারী কমিশনারদের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত কাজে শেয়ারবাজার বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেবেন বিএসইসির কর্মকর্তারা।
একই সঙ্গে ফোকাল পয়েন্ট ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Posted ৩:১৪ পিএম | শুক্রবার, ২২ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity