নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২২ মে ২০২৬ | প্রিন্ট
টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন সম্প্রসারণে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি। ‘ব্র্যাক ব্যাংক গ্রিন বন্ড’ নামে এ বন্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ করবে ব্যাংকটি।
বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৯৫তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
তথ্যমতে, এ বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড ও রিডিমেবল প্রকৃতির। অর্থাৎ বন্ডটি ভবিষ্যতে শেয়ারে রূপান্তরযোগ্য হবে না এবং নির্ধারিত মেয়াদ শেষে পুরো অর্থ পরিশোধ করা হবে। তিন বছর মেয়াদি এ বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বরাদ্দ দেওয়া হবে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ড থেকে সংগ্রহ করা অর্থ বিভিন্ন পরিবেশবান্ধব ও সামাজিক প্রভাবভিত্তিক অর্থায়নে ব্যবহার করা হবে। বিশেষ করে টেকসই উন্নয়ন, সবুজ শিল্পায়ন এবং সামাজিকভাবে দায়বদ্ধ বিনিয়োগ কার্যক্রমে এ তহবিল কাজে লাগানো হবে।
তবে এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যুর এই সিদ্ধান্ত কার্যকর হবে।
Posted ১০:৩৯ এএম | শুক্রবার, ২২ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity