নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বহাল থাকা ফ্লোর প্রাইস ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে। তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের ওপর আরোপিত সর্বনিম্ন মূল্যসীমা শিগগিরই প্রত্যাহার করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মাধ্যমে প্রায় ছয় বছরের বেশি সময় পর ফ্লোর প্রাইসের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসবে কোম্পানি দুটি।
বিএসইসি সূত্রে জানা গেছে, সোমবার অথবা মঙ্গলবার বিশেষ কমিশন সভা ডেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নিয়ন্ত্রক সংস্থার এ পদক্ষেপকে বাজার স্বাভাবিকীকরণের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ফ্লোর প্রাইস রয়েছে ১১০ দশমিক ১০ টাকা। অন্যদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের সর্বনিম্ন সীমা নির্ধারিত আছে ৩২ দশমিক ৬০ টাকায়।
রোববার (৭ জুন) বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে চেয়ারম্যান স্পষ্টভাবে জানান, পুঁজিবাজারে আর কোনো ফ্লোর প্রাইস রাখা হবে না এবং দ্রুত সময়ের মধ্যেই বিদ্যমান সব ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে।
ফ্লোর প্রাইস হচ্ছে এমন একটি ব্যবস্থা, যেখানে কোনো শেয়ারের দাম নির্ধারিত সীমার নিচে নামতে পারে না। ২০২০ সালে করোনা মহামারির সময় শেয়ারবাজারে অস্বাভাবিক দরপতন ঠেকাতে এ ব্যবস্থা চালু করেছিল বিএসইসি। ওই বছরের ১৯ মার্চ তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
পরবর্তী সময়ে বাজার পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে বেশিরভাগ কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। তবে বিভিন্ন কারণে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারে এ সীমাবদ্ধতা বহাল ছিল।
Posted ১২:১৪ পিএম | সোমবার, ০৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity