তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ সুবিধা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট

তরুণ উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ সুবিধা
Share

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহজ শর্তে ঋণ সুবিধা সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন উদ্যোক্তারা এখন বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাচ্ছেন। পাশাপাশি স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য রয়েছে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ, বিনামূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ ভাতা।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে তরুণদের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো সুদমুক্ত ঋণ কর্মসূচি না থাকলেও সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের জন্য একাধিক পুনঃঅর্থায়ন তহবিল পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় পরিচালিত ‘নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম’-এর তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ। এছাড়া প্রয়োজনীয় জামানত সাপেক্ষে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধাও পাওয়া যাবে।

স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করেছে। এ তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন বলে জানান অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, স্টার্টআপ খাতে ইক্যুইটি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৩৯টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে ‘বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন করা হয়েছে। উদীয়মান উদ্যোক্তারা এ প্রতিষ্ঠানের মাধ্যমে ইক্যুইটি সহায়তাও গ্রহণ করতে পারবেন।

উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণের বিষয়টি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী ১০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ প্রশিক্ষণে অংশ নিতে কোনো ফি দিতে হয় না। বরং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের ৫ হাজার টাকা ভাতা দেওয়া হয় এবং পরবর্তীতে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।

 

/আরএস

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:২৯ পিএম | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com