শিরোনাম >>
শিরোনাম >>

আমানতকারীদের আস্থা ফেরাতে ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি জোরদার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ জুন ২০২৬   |   প্রিন্ট

আমানতকারীদের আস্থা ফেরাতে ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি জোরদার
Share

তারল্য পরিস্থিতির উন্নয়ন, গ্রাহকদের অর্থ উত্তোলন স্বাভাবিক রাখা এবং সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংকের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত রয়েছে।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গভর্নর জানান, ইসলামী ব্যাংকের গ্রাহকরা দীর্ঘদিন ধরে অর্থ উত্তোলনে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তা ধীরে ধীরে কমে আসছে। ব্যাংকটির আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার এবং আমানতকারীদের মধ্যে আস্থা সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।

ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণের পর বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই, সংশ্লিষ্ট সংস্থার মতামত এবং সাক্ষাৎকার প্রক্রিয়া সম্পন্ন করে নতুন এমডি নির্বাচন করা হয়েছে। পরবর্তীতে সরকারি অনুমোদনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চূড়ান্ত হয়।

তিনি জানান, ইসলামী ব্যাংক খাতের সমন্বিত পরিচালনা কাঠামো গঠনের কাজও সম্প্রতি সম্পন্ন হয়েছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এবং ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মোস্তাকুর রহমান বলেন, একাধিক ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার সমন্বয় একটি গুরুত্বপূর্ণ ও জটিল কাজ। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

ইসলামী ব্যাংকের কার্যক্রমে সরকারি হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংককে নির্দিষ্ট ঋণ বিতরণ, কর্মকর্তা বদলি বা পদোন্নতির নির্দেশনা দেয় না। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কেবল নিয়ন্ত্রক ও তদারককারী প্রতিষ্ঠানের।

তিনি আরও বলেন, পরিচালনা পর্ষদের একজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর নিয়ম অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে। এর বাইরে ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই।

ঈদের আগে পরিচালনা পর্ষদে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক হওয়ায় এর কার্যক্রমে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হতে দেওয়া হবে না। প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক তার হাতে থাকা বিভিন্ন নীতিগত ও আর্থিক সহায়তা ব্যবস্থাও ব্যবহার করবে।

আমানতকারীদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী তাদের অর্থ উত্তোলন করতে পারবেন। ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত (এডি রেশিও) স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ বিষয়ে সতর্ক রয়েছে। পরিস্থিতির প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক জরুরি তারল্য সহায়তা প্রদানের ব্যবস্থাও করবে।

সংবাদ সম্মেলনে বাজেট-পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের সংস্কার এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গভর্নর।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৪৬ পিএম | শুক্রবার, ১২ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com