নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ জুন ২০২৬ | প্রিন্ট
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে শক্তিশালী উত্থান দেখা গেছে। রোববার (১৪ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ার পাশাপাশি সব প্রধান সূচক উল্লেখযোগ্য হারে ঊর্ধ্বমুখী হয়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।
ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ পয়েন্টে পৌঁছেছে। একদিনের ব্যবধানে সূচকের এই বড় উত্থান বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ব্লু-চিপ কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৪৬ দশমিক ৮৯ পয়েন্ট যোগ হয়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৯ পয়েন্টে।
লেনদেনের চিত্রেও ছিল ইতিবাচক ধারা। আজ ডিএসইতে মোট ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকা। ফলে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১২০ কোটি টাকা।
বাজারে মোট ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ৯৬টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।
Posted ৩:৫৯ পিএম | রবিবার, ১৪ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity