নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময় বুধবার (১৭ জুন) থেকে আরও ১০ মিনিট বাড়ানো হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিয়মিত লেনদেনের পাশাপাশি পোস্ট ক্লোজিং সেশনের সময়ও সম্প্রসারিত হবে।
মঙ্গলবার (১৬ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমান কাঠামোতে পোস্ট ক্লোজিং সেশনসহ মোট ৪ ঘণ্টা লেনদেন হলেও নতুন সূচিতে তা বেড়ে ৪ ঘণ্টা ১০ মিনিটে উন্নীত হবে।
নতুন সময়সূচি অনুযায়ী, ডিএসইতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে নিয়মিত লেনদেন চলবে। এর পর শুরু হবে পোস্ট ক্লোজিং সেশন, যা চলবে দুপুর ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত।
বর্তমানে নিয়মিত লেনদেন শেষ হয় দুপুর ১টা ৫৫ মিনিটে এবং এরপর ৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকে। নতুন সিদ্ধান্তে এই সেশনের সময় ৫ মিনিট বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।
ডিএসই জানায়, পোস্ট ক্লোজিং সেশনের এই সময়ে বিনিয়োগকারীরা নতুন দামে কোনো অর্ডার দিতে পারবেন না। তবে বিদ্যমান ক্লোজিং প্রাইসে ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকবে।
Posted ৫:২১ পিএম | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity