নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসেবে আরও তিনটি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর ফলে প্রতিষ্ঠানগুলো ডিএসইর নাসডাক ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ব্যবহার করে লেনদেন পরিচালনার সুযোগ পাবে।
সার্টিফিকেশনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড।
বুধবার (১৭ জুন) ডিএসই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেন ডিএসইর প্রধান আর্থিক কর্মকর্তা মো. আবিদ হোসেন খান। এ সময় ডিএসইর উপমহাব্যবস্থাপক জিসান বিন মুবারক, সহকারী মহাব্যবস্থাপক কামরুন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রোকারেজ হাউজগুলোর পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন জিএমএফ সিকিউরিটিজের হেড অব আইটি লুবনা মাহমুদ, প্রাইম ইসলামী সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হাসান এবং ইউনিক্যাপ সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০২০ সালে নাসডাকভিত্তিক আধুনিক লেনদেন ব্যবস্থার সঙ্গে ব্রোকারেজ হাউজগুলোর নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে মোট ৮৫টি ব্রোকারেজ হাউজ ডিএসইতে আবেদন করে।
সর্বশেষ তিনটি প্রতিষ্ঠানসহ এখন পর্যন্ত ৬১টি ব্রোকারেজ হাউজ ফিক্স সার্টিফিকেশন অর্জন করেছে। এর মধ্যে ৫৩টি প্রতিষ্ঠান ইতোমধ্যে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করে সরাসরি লেনদেন কার্যক্রম পরিচালনা করছে।
Posted ৯:৫৬ পিএম | বুধবার, ১৭ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity