নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট
মেয়াদি (ক্লোজড-এন্ড) মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদি (ওপেন-এন্ড) ফান্ডে রূপান্তর অথবা অবসায়নের প্রক্রিয়ায় থাকা আইনি অনিশ্চয়তা দূর হয়েছে। আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা আদেশ স্থগিত করায় এখন এসব ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণে আর কোনো আইনি বাধা থাকছে না।
বুধবার (১৭ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
এর ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ট্রাস্টিরা মেয়াদি মিউচুয়াল ফান্ডকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তর অথবা অবসায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।
বিএসইসি সূত্রে জানা গেছে, নতুন বিধিমালা অনুযায়ী কোনো মেয়াদি মিউচুয়াল ফান্ডের বাজারদর দীর্ঘ সময় নিট সম্পদমূল্য (এনএভি) বা ক্রয়মূল্যের তুলনায় উল্লেখযোগ্য হারে কমে গেলে ইউনিটহোল্ডারদের মতামতের ভিত্তিতে ফান্ডটির ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। এ লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে ভোটগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে কয়েকজন ইউনিটহোল্ডার বিএসইসির নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করলে আদালত দুই মাসের জন্য রূপান্তর ও অবসায়ন কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেন। ওই আদেশের কারণে কয়েকটি ট্রাস্টি প্রতিষ্ঠান নির্ধারিত ইজিএম আয়োজন ও পরবর্তী কার্যক্রম স্থগিত রাখে।
পরে বিএসইসি আদালতের আদেশের ব্যাখ্যা দিয়ে জানায়, স্থিতাবস্থার সুবিধা কেবল রিটকারীদের জন্য প্রযোজ্য। তবে সর্বশেষ আপিল বিভাগের আদেশের ফলে সেই সীমাবদ্ধতাও দূর হয়েছে।
বর্তমান বিধিমালা অনুযায়ী, বিশেষ সাধারণ সভায় উপস্থিত ভোটদানকারী ইউনিটহোল্ডারদের অন্তত ৭৫ শতাংশের সমর্থন এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষে কোনো মেয়াদি ফান্ডকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তর অথবা অবসায়নের সিদ্ধান্ত কার্যকর করা যাবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, আদালতের এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে ডিসকাউন্টে লেনদেন হওয়া অনেক মেয়াদি মিউচুয়াল ফান্ডের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ইউনিটহোল্ডারদের ভোটের মাধ্যমে ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণের পথও আরও সুস্পষ্ট হলো।
Posted ১১:১১ পিএম | বুধবার, ১৭ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity