প্রতিদিনের অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ | প্রিন্ট
বীমা খাতে ডিজিটাল সেবার প্রসারে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গ্রাহকদের বীমা দাবি ও অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে সহজ, দ্রুত এবং স্বচ্ছ করতে চালু করা মোবাইল অ্যাপ ‘ইন্স্যুপ্লেইন্ট’ পেয়েছে ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ’ পুরস্কার।
‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থা ক্যাটাগরিতে আইডিআরএর ‘ইন্স্যুপ্লেইন্ট’ অ্যাপকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচিত করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ৬ জুলাই তিনি আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের হাতে এ সম্মাননা তুলে দেন।
আইডিআরএ জানায়, বীমা খাতে গ্রাহকসেবা আধুনিকায়ন, দাবি নিষ্পত্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যেই ‘ইন্স্যুপ্লেইন্ট’ অ্যাপ চালু করা হয়েছে। চলতি বছরের ২৩ জুন থেকে কার্যক্রম শুরু করা এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা দেশের যেকোনো স্থান থেকে অফিসে না গিয়েই বীমা দাবি দাখিল, অভিযোগ নিবন্ধন এবং সেবাসংক্রান্ত বিভিন্ন আবেদন করতে পারছেন।
এ ছাড়া মোবাইল অ্যাপ থেকেই গ্রাহকরা তাদের দাবি বা অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে পারছেন। একই সঙ্গে আইডিআরএও অনলাইনের মাধ্যমে বীমা কোম্পানিগুলোর দাবি ও অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারছে।
আইডিআরএর মতে, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ বীমা সেবাকে আরও সহজলভ্য করার পাশাপাশি গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দাবি নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, বীমা পলিসির তথ্য যাচাই সহজ করতে আইডিআরএ ‘বীমা তথ্য অ্যাপ’ নামে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নের কাজও এগিয়ে নিচ্ছে। এই প্ল্যাটফর্ম চালু হলে গ্রাহকরা সহজেই নিজেদের পলিসির তথ্য যাচাই করতে পারবেন। পাশাপাশি ভুয়া ও ডুপ্লিকেট পলিসি শনাক্ত ও প্রতিরোধেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি।
‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করা হয়। মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি দেওয়া হয়।
অন্যান্য পুরস্কারপ্রাপ্ত উদ্যোগের মধ্যে রয়েছে—রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসির ‘জনতা-পে’, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘ই-মাইগ্রেশন ঋণ সেবা’, আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ‘দলিলপত্র ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’ এবং অন্যান্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ‘জিআইএসভিত্তিক সুপারভিশন অ্যান্ড মনিটরিং সিস্টেম’। -বিজ্ঞপ্তি
Posted ৪:৫৮ পিএম | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity