নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অতিরিক্ত তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, আলোচ্য সময়ে ব্যাংকটি লোকসানে পড়েছে। একই সঙ্গে পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) উল্লেখযোগ্যভাবে কমেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত মৌলিক শেয়ারপ্রতি লোকসান (কনসোলিডেটেড বেসিক ইপিএস) হয়েছে ৫ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৭ পয়সা।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকটির সমন্বিত মৌলিক শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১৩ টাকা ১৩ পয়সা। ২০২৫ সালের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২০ পয়সা।
একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে হয়েছে ৬ টাকা ৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৩৯ টাকা ১১ পয়সা।
এছাড়া, ২০২৬ সালের ৩০ জুন তারিখে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৩৫ টাকা ২ পয়সা।
ব্যাংকটি জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় মোট পরিচালন আয় কমে যাওয়ায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হ্রাস পেয়েছে। পাশাপাশি ঋণ ও অগ্রিম বেড়ে যাওয়ায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে।
উল্লেখ্য, একই দিনে প্রথমে ব্যাংকটি শেয়ার মানি ডিপোজিট বিবেচনায় ডাইলিউটেড সমন্বিত আর্থিক তথ্য প্রকাশ করেছিল। পরে ডিএসইতে দেওয়া অতিরিক্ত তথ্যে সমন্বিত মৌলিক ইপিএস, এনওসিএফপিএস ও এনএভির হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়।
Posted ১১:১৩ এএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity