নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ‘এসিআই গ্লোবাল সায়েন্টিফিক স্ট্যান্ডার্ডস লিমিটেড’ নামে প্রতিষ্ঠিত হতে যাওয়া নতুন কোম্পানিটির ৮৫ শতাংশ মালিকানা থাকবে এসিআই পিএলসির হাতে।
বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এসিআই জানিয়েছে, নতুন প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক পরিশোধিত মূলধন থাকবে ৩ কোটি টাকা। নতুন কোম্পানিটির মাধ্যমে বৈজ্ঞানিক মান নিয়ন্ত্রণ, পরীক্ষাগার-সংক্রান্ত সেবা এবং সংশ্লিষ্ট খাতে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এসিআই পিএলসি দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। ওষুধ, ভোক্তা পণ্য, কৃষি, খুচরা ব্যবসা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন শিল্প খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত। নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্তকে কোম্পানির দীর্ঘমেয়াদি সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
Posted ৫:২২ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity