নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট
২০২৬-২০২৭ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে উৎসাহিত করতে এবার বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। আগামী সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসের মধ্যে রিটার্ন দাখিলকারী ব্যক্তিশ্রেণির করদাতারা এ সুবিধা পাবেন। প্রণোদনার অর্থ হলো, করদাতার প্রকৃত প্রদেয় করের ওপর ৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। তবে একজন করদাতা সর্বোচ্চ ২৫ হাজার টাকার বেশি কর ছাড় পাবেন না।
সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের পর অর্থাৎ সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ বিশেষ প্রণোদনা আর প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী বিলম্বজনিত অতিরিক্ত কর বা জরিমানা গুনতে হতে পারে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিল করলে করদাতারা আর্থিকভাবে লাভবান হবেন।
করসেবা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চলতি করবর্ষ থেকে সব সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতারা এনবিআরের অনলাইন প্ল্যাটফর্মে রিটার্ন প্রস্তুত, দাখিল এবং কর পরিশোধ করতে পারবেন। কর পরিশোধে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি বিভিন্ন মোবাইল আর্থিক সেবাও ব্যবহার করা যাবে।
অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১)-এ যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।
এদিকে সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ।
তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তার বেশি বয়সী করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রয়োজনীয় সনদ সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।
এ ছাড়া ই-রিটার্ন ব্যবস্থায় নিবন্ধন-সংক্রান্ত জটিলতার কারণে যারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন না, তারা সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।
Posted ১১:৩৮ পিএম | বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity