| সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
দেশের কাস্টমস স্টেশনগুলোতে সেবার মানোন্নয়ন ও আমদানি কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন করে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্স দিতে আবেদন আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ মার্চ ২০২৬ বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনের লাইসেন্সিং কর্তৃপক্ষের সভাপতির কাছে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া পরিচালিত হবে কাস্টমস আইন, ২০২৩ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ অনুসারে।
লাইসেন্স পেতে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদেশি অংশীদারিত্ব সর্বোচ্চ ৪৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক লাইসেন্স নিতে পারবেন না। এছাড়া আবেদনপত্রে কেবল একটি কাস্টমস স্টেশনের নাম উল্লেখ করা যাবে—একাধিক স্টেশনের নাম থাকলে আবেদন বাতিল হবে।
আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর), শিক্ষাগত যোগ্যতার সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। পাশাপাশি ৫ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (ডিজি, কাস্টমস ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম-এর অনুকূলে), অফিসের মালিকানা বা ভাড়ার কাগজপত্র এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে।
প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি এবং ফল একাডেমির ওয়েবসাইট (www.cevta.gov.bd) এ পাওয়া যাবে। যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাকযোগে তাদের ঠিকানায় প্রেরণ করা হবে বলে জানিয়েছে এনবিআর।
অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজনে কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Posted ৬:৩৫ এএম | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity