| বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক শিক্ষাবিদকে এই পদে আনার প্রস্তাব ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে আজ (বুধবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে দায়িত্বচ্যুত হওয়ার গুঞ্জনের মধ্যে ড. আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে নিশ্চিতভাবে কিছু জানেন না। পদত্যাগ নাকি অপসারণ-এ প্রশ্নেও তিনি স্পষ্ট কিছু জানাননি।
ব্যাংকিং খাতে চলমান সংস্কার কার্যক্রম ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। দায়িত্ব পালনকালে ড. মনসুর খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, তদারকি জোরদার, দুর্বল ব্যাংকের পুনর্গঠন এবং পরিচালনা পর্ষদে পরিবর্তনের মতো বিষয়ে কঠোর অবস্থান নেন। এতে একদিকে সংস্কারপন্থিদের সমর্থন মিললেও, অন্যদিকে খাতের একটি অংশে অসন্তোষ তৈরি হয়।
কেন্দ্রীয় ব্যাংকের ভেতরেও এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কিছু কর্মকর্তার সমালোচনামূলক মন্তব্যের পর তিনজনকে শোকজ করা হয় এবং প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকজনকে বদলিও করা হয়।
নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেলে মোস্তাকুর রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা।
Posted ২:২৬ পিএম | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity