প্রতিদিনের অর্থনীতি | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুনের মধ্যেই চালু হতে যাচ্ছে ‘ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট’, যা ইসলামি ব্যাংকগুলোর মধ্যে স্বল্পমেয়াদি অর্থ লেনদেন সহজ করবে।
বর্তমানে ইসলামি ব্যাংকগুলো তারল্য সংকটে পড়লে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মতো কলমানি মার্কেট থেকে ঋণ নেওয়ার সুযোগ পায় না। ফলে তহবিল ব্যবস্থাপনায় তাদের প্রায়ই চাপে পড়তে হয়। নতুন এই বাজার চালু হলে ব্যাংকগুলোর মধ্যে বিকল্প অর্থায়নের পথ তৈরি হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত তহবিল আদান-প্রদান সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১ দিন থেকে শুরু করে ৭, ১৪, ২৮, ৯০ ও ১৮০ দিন মেয়াদে লেনদেনের সুযোগ থাকবে। একই সঙ্গে জামানতসহ এবং জামানত ছাড়া—দুই ধরনের ব্যবস্থায় অর্থ ধার নেওয়ার সুযোগ রাখা হচ্ছে।
এই উদ্যোগ বাস্তবায়নের আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাহরাইনের ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেটের অভিজ্ঞতা বিশ্লেষণ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা যায়।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এতদিন ইসলামি ব্যাংকগুলোর মধ্যে কার্যকর আন্তঃব্যাংক তহবিল বিনিময়ের কোনো কাঠামো ছিল না। নতুন এই প্ল্যাটফর্ম চালু হলে উদ্বৃত্ত তহবিল থাকা ব্যাংকগুলো সহজেই অন্য ব্যাংককে সহায়তা করতে পারবে, যা সামগ্রিকভাবে তারল্য সংকট মোকাবিলায় ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে একটি বেসরকারি ইসলামি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, এ ধরনের বাজার স্বল্পমেয়াদি তারল্য চাপ কমাতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদি সমস্যার স্থায়ী সমাধান নয়। এজন্য ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের আরও কঠোর তদারকি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
Posted ৮:২৩ পিএম | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity