প্রতিদিনের অর্থনীতি | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। ড. এম আসলাম আলমের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার এবং বর্তমান সদস্য (প্রশাসন) মো. ফজলুল হককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (বীমা-১ শাখা) জারিকৃত পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব ইফতেখাইরুল করিম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(৩) অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
নতুন দায়িত্ব অনুযায়ী, মো. ফজলুল হক তার বর্তমান দায়িত্বের পাশাপাশি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। তাকে আর্থিক ক্ষমতাসহ এ দায়িত্ব দেওয়া হয়েছে এবং নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।
উল্লেখ্য, গত ২ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলম। তার পদত্যাগ গ্রহণের পরই আইডিআরএ’র শীর্ষ পদে এই অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হলো।
Posted ১১:০৯ পিএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity