প্রতিদিনের অর্থনীতি | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড-এর মালিকানায় বড় পরিবর্তন আসছে। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের কাছ থেকে প্রায় ৩০ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে আকিজ রিসোর্স লিমিটেড।
রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে মোট ৩ কোটি ৭৮ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডমিনেজ স্টিলের পরিচালনা পর্ষদ। এই শেয়ার কিনবেন আকিজ রিসোর্সের পাশাপাশি কোম্পানির বর্তমান চেয়ারম্যান ফারিয়া হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
শেয়ার হস্তান্তরের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুমোদন নেওয়া হবে। অনুমোদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে নতুন পরিচালনা পর্ষদ কোম্পানির দায়িত্ব গ্রহণ করবে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন ব্যবস্থাপনায় ডমিনেজ স্টিলের উৎপাদন কার্যক্রম পুনরুজ্জীবন ও সম্প্রসারণে জোর দেওয়া হবে। আকিজ গ্রুপের বিদ্যমান ইস্পাত খাতের অবকাঠামোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কোম্পানিটির কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে প্রায় ৩০ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে। এই অংশীদারিত্ব হস্তান্তর সম্পন্ন হলে পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ আকিজ রিসোর্সের হাতে চলে যাবে।
ডমিনেজ স্টিলের সাভার কারখানায় উৎপাদন চলমান থাকলেও নরসিংদীর ইউনিটটি বন্ধ রয়েছে। নতুন মালিকানায় উভয় কারখানার পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালুর পরিকল্পনা রয়েছে।
এর আগে করোনা-পরবর্তী সময়ে প্রায় ৪৫০ কোটি টাকায় মুন্সিগঞ্জের ম্যাগনাম স্টিল অধিগ্রহণ করে আকিজ রিসোর্স, যা বর্তমানে ‘আকিজ ইস্পাত’ নামে পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করে ডমিনেজ স্টিল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০২ কোটি টাকা। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিতে স্পন্সর ও পরিচালকদের হাতে রয়েছে প্রায় ৩০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬১ শতাংশ শেয়ার।
সর্বশেষ লেনদেন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬০ টাকা ৬০ পয়সা।
Posted ১১:০০ এএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity