শিরোনাম >>
শিরোনাম >>

ঈদের টানা ছুটিতে এটিএমে নগদ অর্থ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে কড়া নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট

ঈদের টানা ছুটিতে এটিএমে নগদ অর্থ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে কড়া নির্দেশ
Share

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে টানা সরকারি ছুটির সময় দেশের ব্যাংকিং সেবা সচল রাখতে তফসিলি ব্যাংকগুলোর প্রতি কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ, পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) নিরবচ্ছিন্ন রাখতে বলা হয়েছে, যাতে উৎসবের সময় গ্রাহকদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে নগদ লেনদেনের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে ব্যাংকগুলোকে। সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করার পাশাপাশি বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখতে হবে এবং কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে।

এছাড়া এটিএম বুথের নিরাপত্তা জোরদারে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী মোতায়েন ও পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পিওএস সেবার ক্ষেত্রে বলা হয়েছে, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে কার্ডভিত্তিক লেনদেন যেন নির্বিঘ্নে চলতে পারে, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় প্রচারণা চালাতে হবে।

ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কার্ড ছাড়া অনলাইন লেনদেন বা ‘কার্ড নট প্রেজেন্ট’ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে ঈদের সময় গ্রাহকরা সহজে টাকা পাঠানো, উত্তোলন ও বিল পরিশোধসহ বিভিন্ন সেবা নিতে পারেন।

এছাড়া ছুটিকালীন সময়ে যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস এলার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ইলেকট্রনিক পেমেন্ট ব্যবহারে গ্রাহকদের সতর্ক ও সচেতন করতে প্রচারণা চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রেখে গ্রাহক সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এ সংক্রান্ত আগের সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে গ্রাহকদের লেনদেন সুবিধা নিশ্চিত করতে আগামী শনিবার সব ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:০৩ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com