
| বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 2983 বার পঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি–র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি তোফাজ্জল হোসেন। একই সভায় কোম্পানির অন্যতম পরিচালক কাজী মাহমুদা জামান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২১ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির ২৮৪তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাংলাদেশের ব্যাংকিং ও বীমা খাতের একজন পথিকৃত উদ্যোক্তা। তিনি এর আগে এনসিসি ব্যাংক লিমিটেড ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড–এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান প্রতীক সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড–এর চেয়ারম্যান এবং গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প উদ্যোগের সঙ্গে জড়িত।
তোফাজ্জল হোসেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য, বিজিএমইএ-এর ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম–এর ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের দাতা সদস্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ–এর প্রতিষ্ঠাতা সদস্য। লেখক ও গবেষক হিসেবেও তিনি সুপরিচিত।
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান ন্যাশনাল লাইফের অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং গার্মেন্টস ও অটোমোবাইলসহ বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত। তিনি তরঙ্গ কমপ্লেক্স, তাজ চিশতী প্রোপার্টিজ ও কানাডিয়ান সুয়েটারস লিমিটেড–এর পরিচালক।
তিনি বিশিষ্ট শিল্পপতি ও ন্যাশনাল লাইফের অন্যতম উদ্যোক্তা পরিচালক মরহুম কে. এম. হাবীব জামানের সহধর্মিণী। ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্নের পর টি অ্যান্ড টি কলেজ ও সিটি কলেজে অধ্যাপনা করেন।
কাজী মাহমুদা জামান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চৌড়া গ্রামের কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে নিবেদিত এবং নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

Posted ৯:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


