শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন হলে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকা বাড়বে রাজস্ব: গভর্নর

  |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   193 বার পঠিত

ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন হলে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকা বাড়বে রাজস্ব: গভর্নর

ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব হলে দেশে বছরে অতিরিক্ত দেড় থেকে দুই লাখ কোটি টাকা রাজস্ব আয় বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। একই সঙ্গে এতে দুর্নীতিও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি মনে করেন।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’–এর রিব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা সম্প্রসারিত হলে আর্থিক কার্যক্রম আরও স্বচ্ছ হবে। এর ফলে কর ফাঁকি কমবে এবং সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ইসলামী ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকগুলোকে অবশ্যই শরিয়াহ আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও আস্থার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, শিগগিরই ইন্সট্যান্ট ইন্টার-অপারেবল পেমেন্ট সিস্টেমে দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান স্থায়ীভাবে যুক্ত হবে। এর ফলে হাসপাতাল, বাজার, বিল পরিশোধ, মাইক্রোফাইন্যান্স ও এসএমইসহ প্রান্তিক পর্যায়ের সব লেনদেনে এমক্যাশ কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এমক্যাশকে আরও জনপ্রিয় করতে ইসলামী ব্যাংকের বিশাল গ্রাহকভিত্তিকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে গভর্নর বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক গ্রাহক সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় ব্যাংক, যেখানে প্রায় দুই কোটি মানুষ সংযুক্ত। এই গ্রাহকদের মধ্যেই এমক্যাশকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে।

এছাড়া গভর্নর অভিযোগ করে বলেন, অতীতে ইসলামী ব্যাংকগুলোতে শরিয়াহ আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ অবস্থার অবসানে ইসলামী শরিয়াহ আইন যথাযথভাবে বাস্তবায়নে দ্রুতই একটি আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com