
| শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 120 বার পঠিত

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে যে সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছিল, তা চার দিন পর তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে এসব সেবায় লেনদেন আবারও স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় বিকাশ, রকেট ও নগদসহ বিভিন্ন এমএফএস প্ল্যাটফর্মে গ্রাহকেরা এখন আগের নির্ধারিত সীমা অনুযায়ী টাকা পাঠাতে ও গ্রহণ করতে পারছেন। গত চার দিন ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনে প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানোর সুযোগ ছিল। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করে মোট ১০ হাজার টাকা পর্যন্ত স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছিল।
রোববার রাতে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এবং তাৎক্ষণিকভাবে নির্দেশনা কার্যকর করে। ঘোষণার পর থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এ বিধিনিষেধ বহাল ছিল। এ সময় ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমেও ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সীমিত রাখা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থের অপব্যবহার ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ইন্টারনেট ব্যাংকিংয়ে আইবিএফটির মাধ্যমে ব্যক্তি পর্যায়ের লেনদেন পুরোপুরি স্থগিত রাখা হয়।
তবে মার্চেন্ট পেমেন্ট ও বিভিন্ন পরিষেবা বিল পরিশোধের ক্ষেত্রে আগের নিয়ম বহাল ছিল। এসব খাতে লেনদেনে কোনো পরিবর্তন আনা হয়নি।
সীমাবদ্ধতার সময় অনেক গ্রাহক অর্থ পাঠাতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়েন। এখন বিধিনিষেধ প্রত্যাহারের ফলে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় লেনদেন স্বাভাবিক গতিতে ফিরেছে।

Posted ১২:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


