
| শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 179 বার পঠিত

বাংলাদেশের বীমা খাতের অন্যতম পরিচিত সংগঠক ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)–এর সাবেক সভাপতি শেখ কবির হোসেন আর নেই। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ সময় ধরে বিআইএ’র নেতৃত্বে থাকা শেখ কবির হোসেন ২০১২ সাল থেকে ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী সময় পর্যন্ত সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিকভাবে তিনি জাতির জনক শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই ছিলেন।
১৯৪২ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম নেওয়া শেখ কবির হোসেন উচ্চশিক্ষা লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে সরকারি চাকরিতে থাকলেও ১৯৭৫ সালে তিনি স্বেচ্ছায় সেই দায়িত্ব ত্যাগ করেন।
পরে বেসরকারি খাতে যুক্ত হয়ে তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, খান সাহেব শেখ মোশাররফ হোসেন ফাউন্ডেশন এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বীমা সমিতির সভাপতির দায়িত্বও সামলান।
শিক্ষা, স্বাস্থ্য ও বীমা খাতে তার সক্রিয় ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আয়কর আরোপের সিদ্ধান্ত নিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নিয়েছিলেন, যা সে সময় আলোচনার বিষয় হয়ে ওঠে।
দেশের বীমা শিল্পে দীর্ঘদিনের নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার মাধ্যমে শেখ কবির হোসেন একটি প্রভাবশালী অধ্যায় রেখে গেলেন।

Posted ১:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


