
| রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 157 বার পঠিত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন মার্কিন ডলার রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যখন মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন, তখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ব্যাংকিং খাত অচল অবস্থায় ছিল বলে তিনি উল্লেখ করেন। পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে বর্তমানে ২৯ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান রিজার্ভ পরিস্থিতি দেশের খাদ্য আমদানি ও সরবরাহ ব্যবস্থাকে অন্তত ছয় মাস পর্যন্ত স্থিতিশীল রাখতে সক্ষম হবে। সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে একটি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে শফিকুল আলম আরও বলেন, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি বলে সরকারের দাবি রয়েছে। একই সময়ে উগ্র ও স্বৈরাচারপন্থী শক্তির কার্যক্রম মোকাবিলা করে বিভিন্ন সংস্কার এবং প্রয়োজনীয় আইনগত কাঠামো গড়ে তোলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Posted ৯:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


