
| মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 202 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নবগঠিত মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতার জন্য পরিচিত আমীর খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। দলের রাজনৈতিক সংকটকালীন সময়ে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রনীতি প্রণয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। অতীতে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দক্ষতার পরিচয় দেওয়ায় অর্থ ও পরিকল্পনা খাতেও তিনি সফল হবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। পরবর্তীতে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৪ সালের মার্চ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
১৯৪৯ সালে চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় জন্মগ্রহণ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের লন্ডনে হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
শিক্ষাজীবন শেষে তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত হন এবং দেশের ব্যবসা-বাণিজ্য খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান এবং চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

Posted ১১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


