
| মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 162 বার পঠিত

শিল্প ও গৃহস্থালি খাতে বহুল ব্যবহৃত জ্বালানি পণ্য এলপি গ্যাসের দাম স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কর ও ভ্যাটে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট প্রত্যাহারের পাশাপাশি আমদানিতে আরোপিত আগাম করও তুলে নেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজির উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট বাতিল করা হয়েছে। একই সঙ্গে আমদানির সময় নেওয়া ২ শতাংশ আগাম করও প্রত্যাহার করা হয়েছে।
তবে আমদানি পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আগের মতোই বহাল থাকবে। এনবিআরের প্রত্যাশা, এ সিদ্ধান্তের ফলে বাজারে এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, আগে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানিতে ২ শতাংশ আগাম কর দিতে হতো। জনস্বার্থ বিবেচনায় সরকার এসব কর ও ভ্যাট কমানোর উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এ সুবিধা দেওয়া হয়েছে। এই সুবিধা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজি আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হবে, তার ওপর আর কোনো অতিরিক্ত ভ্যাট আরোপ করা হবে না। অর্থাৎ এখন থেকে কেবল আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে।

Posted ১২:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


