নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট
দেশে ব্যাংক খাতে এক কোটি টাকা বা তার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা তিন মাসে ২ হাজার ৪৪১টি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে কোটি টাকার হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বর শেষে এ ধরনের হিসাব ছিল ১ লাখ ৩৪ হাজার ৪৪টি। ফলে মাত্র এক প্রান্তিকে কোটি টাকার হিসাবের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু হিসাবের সংখ্যাই নয়, এসব হিসাবে জমা অর্থের পরিমাণও বেড়েছে। ডিসেম্বর শেষে কোটি টাকার হিসাবগুলোতে মোট আমানত ছিল ৮ লাখ ৩৬ হাজার ৩৭০ কোটি টাকা, যা মার্চ শেষে বেড়ে ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ তিন মাসে এসব হিসাবে জমা অর্থ বেড়েছে ২২ হাজার ৭৯২ কোটি টাকা।
একই সময়ে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোট আমানত ছিল ২১ লাখ ৫৩৩ কোটি টাকা। ২০২৬ সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৫৮ হাজার ২৪ কোটি টাকায়।
এ ছাড়া ব্যাংক হিসাবের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ডিসেম্বর শেষে মোট হিসাব ছিল ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি, যা মার্চ শেষে বেড়ে ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টিতে পৌঁছেছে। অর্থাৎ তিন মাসে নতুন হিসাব যুক্ত হয়েছে ৪৬ লাখ ৬১ হাজার ৫৫০টি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটি টাকার হিসাবের সংখ্যা বৃদ্ধি পেলেও এর অর্থ এই নয় যে সমপরিমাণ নতুন কোটিপতি তৈরি হয়েছে। কারণ এসব হিসাবের মধ্যে ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক কোটি টাকার হিসাবও থাকতে পারে।
Posted ৮:০৮ এএম | বুধবার, ১৭ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity