প্রতিদিনের অর্থনীতি | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশজুড়ে সময়সূচি ও ব্যয় কমানোর একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনায় সরকারি-বেসরকারি সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর শপিং মল ও মার্কেট বন্ধ রাখতে হবে সন্ধ্যা ৬টার মধ্যেই।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নাসিমুল গনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন সময়সূচি সব ধরনের অফিসের জন্য প্রযোজ্য হবে।
তিনি আরও বলেন, জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সরকারি ব্যয় কমাতে আগামী তিন মাসের জন্য বেশ কিছু কৃচ্ছ্রসাধনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে নতুন যানবাহন, জলযান ও উড়োজাহাজ কেনা বন্ধ রাখা, কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম ক্রয়ে নিয়ন্ত্রণ আরোপ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের অর্ধেক বাতিলের সিদ্ধান্ত রয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ সম্পূর্ণ স্থগিত করা হয়েছে।
সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ কমানো, অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করা এবং জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, শিক্ষা খাতে প্রয়োজন অনুযায়ী আলাদা নির্দেশনা দিতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
Posted ২:১৫ এএম | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity