রাজশাহী-রংপুরের কৃষি খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল

বিশেষ প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট

রাজশাহী-রংপুরের কৃষি খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
Share

উত্তরবঙ্গের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নে ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে কৃষি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ এবং রপ্তানি খাতে ঋণ দেওয়া হবে। খাতভেদে একজন গ্রাহক সর্বোচ্চ ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগে কৃষিপণ্য উৎপাদনের ব্যাপক সম্ভাবনা থাকলেও আধুনিক ফসল-উত্তর ব্যবস্থাপনার সীমাবদ্ধতা, পর্যাপ্ত হিমাগারের অভাব, বাজারজাত অবকাঠামোর ঘাটতি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের অপর্যাপ্ততার কারণে এ অঞ্চলের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এসব সমস্যা দূর করে কৃষি মূল্য শৃঙ্খল শক্তিশালী করতে তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ব্যবহার করে তিন বছর মেয়াদি এ তহবিল গঠন করা হয়েছে।

তহবিলের অর্থ চারটি খাতে বিতরণ করা হবে। কৃষি উৎপাদন খাতে মোট তহবিলের ১৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে ৩৫ শতাংশ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। একই হারে ৩৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে কৃষিজাত ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণ খাতের জন্য। এ দুই খাতে একজন গ্রাহক সর্বোচ্চ ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

এ ছাড়া কৃষিপণ্য ও কৃষিভিত্তিক পণ্য রপ্তানি খাতের জন্য তহবিলের ১৫ শতাংশ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এ খাতের উদ্যোক্তারা সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন।

গ্রাহকের প্রকৃত অর্থায়ন চাহিদা বিবেচনায় ব্যাংকগুলো ঋণের সর্বোচ্চ সীমা ২০ শতাংশ পর্যন্ত কমাতে বা বাড়াতে পারবে। বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে খাতভিত্তিক বরাদ্দের হারও পরিবর্তনের সুযোগ থাকবে।

অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। গ্রাহক পর্যায়ে ঋণের সর্বোচ্চ সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।

কৃষি উৎপাদন খাতে তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৮ মাস মেয়াদে ঋণ দেওয়া হবে। অন্যদিকে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রপ্তানি খাতে তিন থেকে ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ঋণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৩৪ এএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com